Friday, July 19, 2013







তুমি আছ

চলতে পথে শ্রান্ত দেহে,
চেয়ে দেখি আকাশ ভরে--
মেঘের সাজে তোমার ছায়া
রেখেছে রোদ আড়াল করে।

তুমি আছ আমার পাশে
বসন্ত তাই আমায় ঘিরে,
দখিন হাওয়া ফাগুন দিনে 
ঢেউ দিয়ে যায় হৃদয়নীরে।

তুমি আছ তাইতো আমার
মরুর মাঝে বরসাধারা,
অমারাতের অন্ধকারেও
আকাশ আমার আলোয় ভরা।

তোমার হাতের স্পর্শে আমার
শুকনো গাছে ফুলের মেলা,
সুর হারানো বাঁশীর তানে
অজানা কোন সুরের খেলা।

তোমার হাসির কলধ্বনি 
ফোটায় মুখে হাসির ছ্বটা,
মনের কোনে রামধনু রং
সংগোপনে সপ্ন দেখা।

তোমার প্রাণের স্নিগ্ধ পরশ
ঘুম ভাঙানো সোনর কাঠি,
রুক্ষ ধুসর বালুচরে 
ভালবাসার পলিমাটি।







কবিতা আমার

কবিতা আমার প্রথম ভালবাসা।
অতল মনে লুকিয়ে থাকা 
দুঃখ রাতের ভাষা।

কবিতা আমার রোদ ঝরানো আকাশ।
জ্যোৎস্না নিবিড় চৈতী রাতের
উতল ফাগুন বাতাস।

কবিতা আমার মুছে যাওয়া অবসাদ।
অসম্মানের বিদ্রোহেভরা
দূর্বার প্রতিবাদ।

কবিতা আমার অন্ধগলির শেষ।
জীবনের পথে নিত্য নতুন
চেতনার উন্মেষ।

কবিতা আমার জীবন অন্বেষন।
সোনার কাঠির স্পর্শে আবার
জাগার শুভক্ষণ।

কবিতা আমার পরমপ্রিয় ধন।
অনেককালের হারিয়ে পাওয়া
অমূল্য রতন।






পিপাসা

অচেনাকে চেনার অজানাকে জানার
আকন্ঠ পিপাসা 
নিয়ে গেছে বারে বারে
অজানা যাত্রাপথে
নতুনের দ্বারে।
নতুনের মাঝখানে নিজেকে আবার
দেখেছি নতুন রূপে,  
চিনেছি নতুন করে।